ইরান ‘চালাকি’ করছে অভিযোগ তুলে হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

 

                                             যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ইরান ‘চালাকি’ করছে অভিযোগ তুলে হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

ইরানের সঙ্গে আলোচনা চলছে, তবে তেহরানের মনোভাব নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ শনিবার তিনি বলেছেন, আলোচনা এগোলেও ইরান কিছুটা ‘চালাকি’ করার চেষ্টা করছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের অবস্থান কঠোর।

ট্রাম্প বলেন, ‘আমাদের মধ্যে বেশ ভালো আলোচনা চলছে। তবে ইরান কিছুটা চালাকি দেখাচ্ছে, যা তারা গত ৪৭ বছর ধরেই করে আসছে।’

ইরানের পক্ষ থেকে হরমুজ প্রণালি বন্ধের হুমকির দিকে ইঙ্গিত করে ট্রাম্প বলেন, ‘তারা আবারও প্রণালিটি বন্ধ করে দিতে চেয়েছিল, যা তারা বছরের পর বছর ধরে করে আসছে। কিন্তু আমাদের ব্ল্যাকমেইল করা যাবে না।’ এ বিষয়ে বিস্তারিত তথ্য দিনের শেষ নাগাদ জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমরা তাদের সঙ্গে কথা বলছি, তবে আমাদের অবস্থান অত্যন্ত কঠোর। তারা প্রচুর মানুষ হত্যা করেছে। আমাদের অনেক মানুষ তাদের হাতে প্রাণ হারিয়েছে।’


‘নিজেদের সুবিধাজনক অবস্থানে ভাবছে ইরান’

প্রেসিডেন্ট ট্রাম্পের গত রাতের পরস্পরবিরোধী বক্তব্য তেহরানকে এই বার্তাই দিয়েছে যে, তারা কোনো ধরনের চুক্তির জন্য যুক্তরাষ্ট্রকে ‘নির্ভরযোগ্য অংশীদার’ হিসেবে বিবেচনা করতে পারে না। ইরানি অধ্যাপক মোস্তফা খোশচেশম এমন মন্তব্য করেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যতদিন এই আচরণ বজায় রাখবে, ইরান ততদিন ‘যুদ্ধ চালিয়ে যাবে’।

তেহরানের বর্তমান পরিস্থিতি ও জনমানস সম্পর্কে খোশচেশম বলেন, ইরানের সশস্ত্র বাহিনী এখন ‘পুরোপুরি প্রস্তুত’। একই সঙ্গে সাধারণ মানুষও প্রতিরোধের পক্ষে। তাঁর দাবি, লাখ লাখ মানুষ প্রতি রাতে রাজপথে নেমে এসে এই ‘প্রতিরোধ’ জারি রাখার দাবি জানাচ্ছে।

আল–জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই অধ্যাপক আরও বলেন, ‘ইরান বিশ্বাস করে যে তারা বর্তমানে সুবিধাজনক অবস্থানে রয়েছে। ভবিষ্যতে যেকোনো ধরনের মুখোমুখি লড়াইয়ের ক্ষেত্রে তারা এই শ্রেষ্ঠত্ব বা আধিপত্য প্রমাণ করতে চায়।’

যুদ্ধবিরতি ঘোষণার পর লেবাননে হামলা, স্বীকার করল ইসরায়েল

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও দেশটির দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থানে হামলা চালানোর কথা স্বীকার করেছে ইসরায়েলি বাহিনী।

ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, লেবাননের দক্ষিণাঞ্চলে যেসব এলাকায় ইসরায়েলি সেনারা এখনো অবস্থান করছে, সেখানে সশস্ত্র যোদ্ধাদের অগ্রসর হতে দেখে হামলা চালানো হয়েছে। ইসরায়েলের দাবি, এই যোদ্ধারা তাদের সেনাদের জন্য ‘আসন্ন হুমকি’ হয়ে দাঁড়িয়েছিল।

বিবৃতিতে সামরিক বাহিনী দাবি করেছে, ‘আত্মরক্ষা এবং তাৎক্ষণিক হুমকি মোকাবিলার লক্ষ্যে নেওয়া পদক্ষেপগুলো যুদ্ধবিরতির আওতাভুক্ত নয়।’

এর আগে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল, আজ ইসরায়েলি বাহিনী লেবাননের বেইত লিফ, কানতারা ও তুলিন শহরে হামলা চালিয়েছে।

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির জন্য ‘খুব জোরালোভাবে' কাজ করছে মিসর ও পাকিস্তান

মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি চূড়ান্ত চুক্তি করার জন্য মিসর ও পাকিস্তান ‘খুব জোরালোভাবে’ কাজ করছে।

তিনি বলেন, ‘আমরা আশা করি, আগামী কয়েক দিনের মধ্যেই এটি করতে পারব।’ আবদেলাত্তি বলেন, ‘শুধু আমাদের অঞ্চলেই নয় বরং পুরো বিশ্বই এই যুদ্ধের কারণে ভুগছে।’

আরো বিস্তারিত দেখুন এখানে>>  বিস্তারিত খবর

Post a Comment

Previous Post Next Post